খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক, ১৪৩৩

গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ছবি যোগফল গোপালগঞ্জ প্রতিনিধি

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ প্রতিনিধি 

আজ ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ- জামান।

সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব *মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা মহোদয়, জেলা পরিষদের প্রশাসক জনাব শরীফ রফিকউজ্জামান মহোদয়সহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধসহ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও জনবান্ধব রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

ছবিতে গ্রেফতারকৃত আসামিগণ

আবু নাঈম রিপন | নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৪ রাউন্ড গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কোহিনুর মিয়ার নির্দেশনায় শনিবার (৭ নভেম্বর) রাত ৩টা ৫ মিনিটের দিকে উপজেলার মুনসেফেরচর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসআই কাইয়ুম (নিরস্ত্র) ও এসআই জামান মোস্তফার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সাকিল গাজীর বসতবাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে কাজী শিপন (২৪), মো. জাহিদ (৩৪) ও সজিব মিয়া (২৬) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ৫-৬ জন পালিয়ে যায় বলে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি, ৪ রাউন্ড গুলির খোসা, একটি রামদা, একটি হাসুয়া, একটি চাইনিজ কুড়াল এবং রেজিস্ট্রেশনবিহীন একটি পুরাতন পালসার এএস ১৫০ মোটরসাইকেল।

পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় শিবপুর মডেল থানায় জিডি নং- ৩২৪, তারিখ: ৭ নভেম্বর ২০২৬ ইং মূলে আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

পাইকগাছায় পুলিশের অভিযানে আটক ৭, কারাদণ্ড ৪ জনের

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৯:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় পুলিশের অভিযানে আটক ৭, কারাদণ্ড ৪ জনের

ছবি যোগফল পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে মোট ৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক মামলায় চারজনকে তিন মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২২ পিস ইয়াবাসহ একজন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, মাদকসংক্রান্ত সামারি ট্রায়াল মামলায় চারজনকে তিন মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-গড়ইখালী গ্রামের মৃত আইয়ুব আলী জোয়াদ্দারের ছেলে রুবেল জোয়াদ্দার, রেজাকপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে ইস্রাফিল সরদার, গড়ইখালী গ্রামের আজিজুল মল্লিকের ছেলে এনামুল মল্লিক এবং একই গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে ওবায়দুর রানা।

অন্যদিকে, শনিবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসিবুর হোসেন ওরফে শিমুলকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি কপিলমুনি গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, মামলা নং- ৫, তারিখ ৮/১১।

এ ছাড়া চতুর্থ শ্রেণির ১০ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা নং- ৪/১১। তিনি চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার মৃত হোসেন আলী সরদারের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশু খাদিজা খাতুনের ২২ ধারায় জবানবন্দি গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

একই রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় পাতড়াবুনিয়া গ্রামের মৃত কালীচরণ মণ্ডলের ছেলে দেবাশীষ মণ্ডলকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সমবায়ের সম্ভাবনা ও সমস্যা নিয়ে নবাবগঞ্জে আলোচনা সভা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সমবায়ের সম্ভাবনা ও সমস্যা নিয়ে নবাবগঞ্জে আলোচনা সভা

ছবি যোগফল নবাবগঞ্জ প্রতিনিধি

শোয়েব হোসেন ।। নবাবগঞ্জ প্রতিনিধি

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, বৃক্ষের চারা বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

সকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নুর-এ-এলাহী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা। আলোচনা সভায় সমবায় আন্দোলনের গুরুত্ব, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থসামাজিক অগ্রগতিতে সমবায়ের ভূমিকা তুলে ধরা হয়।

এ সময় বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানের উদ্যোক্তারা সমবায় খাতের ভবিষ্যৎ সম্ভাবনা, বিদ্যমান সমস্যা, সেগুলো সমাধানের উপায় এবং সমবায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। তাঁরা সমবায় খাতের উন্নয়ন ও সমবায়ভিত্তিক উদ্যোগগুলোকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সমবায়ীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি ও সভার সভাপতি তাঁদের বক্তব্যে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, সংগঠিত ও জনকল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ী উদ্যোক্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি শেষে দুপুরে প্রীতিভোজের আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।