খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক, ১৪৩৩

মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন

ছবিতে কোম্পানীগঞ্জ থানা

নোয়াখালী প্রতিনিধি ।। যোগফল অনলাইন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরফাত হোসেন ওরফে আদিব (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে একই দিন সকাল ১০টার দিকে নিজ বাড়িতে মারা যায় আদিব।

নিহত আদিব একই গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ির মো.সাহাব উদ্দিনের ছেলে এবং স্থানীয় দারুস সালাম মডেল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিব সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের দারুস সালাম মডেল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। গত ১৬ অক্টোবর বিকেলে ওই মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ শিব্বির আহমেদ তাকে মারধর করেন। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেন ছাত্রের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ সহায়তা করেন। এরপর মাদরাসার শিক্ষকের মারধরে অসুস্থ হয়ে পড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সোমবার সকালে নিজ বাড়িতে মারা যায় আদিব।

নিহতের বাবা সাহাব উদ্দিন বলেন, তার ছেলে মাদরাসার হিফজ বিভাগে পড়াশোনা করত। সেখানে পড়ার সময় সে মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ত। বিভিন্ন জায়গায় চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা জানান, তার রক্তশূন্যতা ছিল। পরে টাকার অভাবে ছেলের চিকিৎসা চালিয়ে যেতে পারেননি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ছেলে ১০ পারা কোরআন মুখস্থ করেছিল। সেখানে হুজুররাও তাকে কিছু মারধর করছে। শিক্ষকের মারধরে মৃত্যু হয়েছে বলে আমরা মনে করিনা। বাচ্চার হায়াত শুকিয়ে গেছে তাই মারা গেছে। আমরা হুজুরকে দোষারপ করিনা। আমরা আল্লার ওপরে নির্ভরশীল,আল্লাহ বাচ্চা দিয়েছে আল্লাহ নিয়ে গেছে।

দারুস সালাম মডেল মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেন বলেন, শিক্ষক শাসন করার পর ছাত্রের অভিভাবকেরা আমাকে ফোন করে বিষয়টি জানান। পরে আমি ছাত্রের বাড়িতে গিয়ে তার শরীরে বেতের আঘাতের দাগ দেখতে পাই। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট শিক্ষককে ভর্ৎসনা করেন। পরে জানতে পারেন, ওই ছাত্র আরও বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। তিনি ছাত্রের চিকিৎসার কাগজপত্র দেখতে চেয়েছিলেন, তবে অভিভাবকেরা তা দেখাননি। এমনকি ছাত্রের চিকিৎসার ব্যবস্থা করতে চাইলেও অভিভাবকেরা তাকে কোনো সহযোগিতা করেননি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের স্বজনেরা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। নিহতের শরীরের পা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও সহযোগী রাকিব গ্রেফতার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও সহযোগী রাকিব গ্রেফতার

আবু নাঈম রিপন | নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আলোচিত সনেট মোল্লা (৩৬) ও তাঁর সহযোগী মো. রাকিব মিয়াকে (২৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৯ নভেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএমের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারের পর সনেট মোল্লার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, গত কিছুদিন ধরে নরসিংদীর চৌয়ালা-শালিধা এলাকায় দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটছে। গত ২২ জুলাই এবং সর্বশেষ ২ নভেম্বর সংঘটিত গোলাগুলির ঘটনায় শিশুসহ হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনায় সনেট মোল্লা ও রাকিবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সনেট মোল্লার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৫টি, হত্যা চেষ্টা ও গুরুতর জখমের মামলা ৪টি, ডাকাতি ও দস্যুতার মামলা ৭টি, অস্ত্র মামলা ৫টি, মাদক মামলা ৩টি এবং চাঁদাবাজি, অপহরণ, বিস্ফোরক ও অন্যান্য অভিযোগে ৪টি মামলা রয়েছে।

অন্যদিকে, রাকিব মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও গোষ্ঠীগত সহিংসতাসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যোগফল | jogfal.com

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত

ছবি যোগফল পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার অর্জন করেছে। জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমিতিকে এ সম্মাননা প্রদান করা হয়।

৮ নভেম্বর খুলনা প্রেসক্লাবে আয়োজিত জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির হাত থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) গ্রহণ করেন সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডল ও সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। এ সময় উপস্থিত ছিলেন সমবায় বিভাগের বিভাগীয় যুগ্ম নিবন্ধক নুরুন্নবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার অর্জন করায় জেলা ও উপজেলা সমবায় বিভাগ এবং সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমিতির নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডল, সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান, উপদেষ্টা কার্তিক দেবনাথ, গাজী শহিদুল ইসলাম খোকন ও অবসরপ্রাপ্ত আর্মি রেজাউল ইসলাম, সহসভাপতি আব্দুল হালিম, কোষাধ্যক্ষ পলাশ রায় এবং পরিচালক উত্তম দেবনাথ, একরামুল ইসলাম সবুজ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও শামীম আহমেদ।

পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

ছবি যোগফল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার পাইকগাছায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এসএম এমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এম. মান্নান মিস্ত্রি, সেলিম রেজা লাকি, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল ও আলহাজ্ব মিরাজুল ইসলাম মিরাজ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা মনিরুজ্জামান মনি, শাহিনুর রহমান, তৈয়েবুর রহমান, সাবেক পৌর ছাত্রদল সভাপতি আরুফুল ইসলাম, শামীম আহমেদ, কুদ্দুস গোলদার, মারুফুল হক প্রিন্স, মাহসিন, মফিজুল, সুমন আহম্মদ, আসিবুর রহমান জীবন, রুবেল, আমিন ও রাহতসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।