খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

২০২৭ সালে ইতালিতে ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নিয়োগ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
২০২৭ সালে ইতালিতে ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নিয়োগ

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

ইউরোপের জনপ্রিয় গন্তব্য ইতালিতে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ কয়েকটি দেশের নাগরিকেরা। দেশটির শ্রমবাজারের চাহিদা পূরণে ২০২৭ সালের জন্য ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগের কোটা নির্ধারণ করেছে ইতালি সরকার। কৃষি, পর্যটন, গৃহস্থালি ও অন্যান্য খাতে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।

ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় এ কোটা নির্ধারণ করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশায় কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কর্মীদের কোটার মধ্যে ১৪ হাজার জনের জন্য বরাদ্দ রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা খাতে।

আবেদন করবেন যেভাবে

ইতালিতে কাজ করতে আগ্রহীদের দেশটির নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে। সাধারণত ‘ফ্লো ডিক্রি’র আওতায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন করা হয়। এ জন্য অনলাইনে নির্ধারিত ফরম পূরণ ও প্রয়োজনীয় তথ্য জমা দিতে হয়।

ইতালি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী প্রবেশের আবেদনের প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। এ কার্যক্রম চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। আবেদনসংক্রান্ত তথ্য পূরণের জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল ব্যবহার করতে হবে।

তবে আবেদন জমা দেওয়ার মূল দায়িত্ব নিয়োগকর্তার। অর্থাৎ, ইতালির কোনো বৈধ নিয়োগকর্তাকে বিদেশি কর্মী নিয়োগের প্রস্তাব দিয়ে আবেদন করতে হবে। চাকরির প্রস্তাব বা কাজের চুক্তিনামা, পাসপোর্টের কপি এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের তথ্য দিয়ে নিয়োগকর্তা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

ইতালিতে কর্মী নিয়োগের পাশাপাশি বিদেশি কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণের যাবতীয় খরচ বহন করবে সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান। ফলে প্রশিক্ষণার্থীদের এ জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির মাধ্যমে অর্থ লেনদেনের সুযোগ নেই। কেউ মধ্যস্থতার জন্য অর্থ লেনদেন করলে তাকে ভিসা দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ

রাষ্ট্রদূত জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় এসব প্রশিক্ষণ প্রকল্প পরিচালিত হচ্ছে। এগুলো সম্পূর্ণভাবে নিয়োগদাতা প্রতিষ্ঠানের চাহিদার ওপর নির্ভরশীল।

প্রথমে ইতালির যেসব প্রতিষ্ঠানে কর্মী প্রয়োজন, সেসব প্রতিষ্ঠান তাদের কর্মী চাহিদা নির্ধারণ করবে। এরপর সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

মধ্যস্বত্বভোগীদের থেকে সতর্ক থাকার পরামর্শ

ইতালিতে কাজের সুযোগকে কেন্দ্র করে প্রতারক চক্রের তৎপরতা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ভিসা নিশ্চিত করা বা চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে তা এড়িয়ে চলতে হবে।

আগ্রহীদের আবেদনসংক্রান্ত তথ্যের জন্য ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে। নির্ধারিত কোটা থাকলেই সরাসরি ভিসা পাওয়া যাবে না। বৈধ নিয়োগকর্তার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়া বাধ্যতামূলক।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হ*ত্যা*র রহস্য, আট দিনেও গ্রে*প্তা*র নেই

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হ*ত্যা*র রহস্য, আট দিনেও গ্রে*প্তা*র নেই

ছবিতে নি*হ*ত নুহা

গিয়াস রনি ।। নোয়াখালী জেলা সংবাদদাতা

নোয়াখালীর বেগমগঞ্জের সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। এর আগে সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়।

নিহত নুহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।

গত ৯ নভেম্বর সদর উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় কোচিং করতে গিয়ে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় মাহতাপুর গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।

পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ প্রথমে এটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। পরে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর জানা যায়, গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধে নুহাকে হত্যা করা হয়েছে।

নিহত শিশুটির স্বজনেরা বলেন, ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রথম দিন থেকেই তারা ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। ঘটনার দিনই থানায় হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা নেয়। এখন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন করে হত্যা মামলা দায়ের করতে বলা হয়েছে।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি বলা হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে ইতিমধ্যে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কিশোর মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কিশোর মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

যোগফল প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর জিগাতলায় ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মো. সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। এর আগে সকালে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যার কিছুক্ষণ আগে সাঈদ খোকনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। পরে কিশোর মোতালিব হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের (রমনা জোনাল টিম) পরিদর্শক মো. সুজন হক। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সরকারের পতনের পরও সাঈদ খোকন ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিচালনা করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনার তথ্য তদন্তে উঠে এসেছে বলে আবেদনে দাবি করা হয়।

আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে অন্যান্য আসামির পরিকল্পনা, পলাতক আসামিদের অবস্থান ও তাদের গ্রেপ্তারের বিষয়ে তথ্য সংগ্রহ করা প্রয়োজন। পাশাপাশি অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, সাঈদ খোকনের আশ্রয়দাতা, বর্তমান আস্তানা এবং দেশে অবস্থানরত তার বিশ্বস্ত কর্মীদের বিষয়ে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেয় কিশোর আব্দুল মোতালিব। এ সময় তার বুকে ও গলায় গুলি লাগে। পরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মামলায় সাঈদ খোকন ২৯ নম্বর আসামি।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে অবমুক্ত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে অবমুক্ত

ছবি যোগফল সংবাদদাতা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:

খুলনার পাইকগাছায় মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে অভিযান চালিয়ে আনুমানিক ৪ লাখ প্রাকৃতিক উৎসের চিংড়ির পোনা (পিএল) জব্দ করে শিবসা নদীতে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার সোলাদানা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশ ও পাইকগাছা থানা পুলিশ, খুলনা।

অভিযানকালে জব্দ করা আনুমানিক ৪ লাখ চিংড়ির পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়।

প্রাকৃতিক উৎসের চিংড়ির পোনা সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।