খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

গোপালগঞ্জের সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়: হামিদুর রহমান আযাদ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জের সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়: হামিদুর রহমান আযাদ

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকারের ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ শহরের হাসপাতাল সড়কে দলীয় মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ। জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক প্রতিপক্ষ ও জুলাই যোদ্ধাদের ওপর হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ, বাস, ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় ভাঙচুর জননিরাপত্তা ও রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনের পরও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কীভাবে প্রকাশ্যে শক্তি প্রদর্শন ও নাশকতা চালানোর সাহস পাচ্ছেন, তা বড় প্রশ্ন। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়েও জনমনে সংশয় তৈরি হয়েছে।

অর্থের বিনিময়ে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনে সহযোগিতার অভিযোগ উঠেছে উল্লেখ করে তিনি এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন। শুধু বিজিবি মোতায়েন কিংবা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করে সরকার দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকারব্যবস্থা প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, জেলা থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ কার্যত একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা। এতে স্থানীয় সরকার নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়ছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা উপেক্ষা করে দেশে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা জনগণ মেনে নেবে না। রাষ্ট্রের আইন ও প্রশাসন কোনো দলের অনুগত বাহিনী হতে পারে না। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।

সমাবেশ থেকে গোপালগঞ্জের সব সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত, নাশকতার পরিকল্পনাকারী ও অর্থদাতাসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

একই সঙ্গে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োগ করা সব প্রশাসকের নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানান হামিদুর রহমান আযাদ। প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রতিও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণ নতুন কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে জীবন দেয়নি। সরকারকে সন্ত্রাস বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় সব ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ এবং জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী।

সমাবেশটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

হিজলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাষ্ট্রবিরোধী ফেসবুক পোস্ট, সমালোচনার ঝড়

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হিজলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাষ্ট্রবিরোধী ফেসবুক পোস্ট, সমালোচনার ঝড়

ছবিতে প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আকন

এস এম মনির হোসাইন | হিজলা (বরিশাল) সংবাদদাতা 

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আকনের বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক পোস্ট করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

​অভিযুক্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আকন উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের রশিদ আকনের ছেলে।

​স্থানীয় ও ফেসবুক সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে তিনি তাঁর ফেসবুক আইডিতে লেখেন— "শেখ হাসিনা আসবে রাজপথ কাঁপবে, ইনশাআল্লাহ, দেশের জনগণ শান্তিতে নেই, প্রশাসন ও কথা শোনে না আমাদের। প্রশাসন ও বিএনপির দালালী করে।" এরপর গত ১৭ নভেম্বর মঙ্গলবার রাতে তিনি আবারও পোস্ট করেন— "আলহামদুলিল্লাহ গোপালগঞ্জ স্বাধীন, এক এক করে সব দখল করে নিব। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।"

​এছাড়াও তাঁর ফেসবুক আইডি ঘুরে দেখা যায়, নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন উস্কানিমূলক শত শত পোস্ট তিনি শেয়ার করেছেন। ​একজন দায়িত্বশীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মূল্যবোধের শিক্ষা দিয়ে থাকেন। অথচ তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে এমন রাষ্ট্রবিরোধী ও দলীয় প্রোপাগান্ডামূলক বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৬ সালের জুনে শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতামূলক নির্দেশনা জারি করলেও তিনি তা তোয়াক্কা করছেন না। 

এ বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার বলেন, "বিষয়টি অনেকেই আমাকে অবহিত করেছেন। তবে ওই শিক্ষককে মোবাইল ফোনে পাওয়া যায়নি, তাঁর কাছে সংবাদ পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"​উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তাঁকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) পাঠানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইসিটি আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, "আমি পোস্টগুলো দেখেছি। যেহেতু ওই শিক্ষক একটি সরকারি দপ্তরের অধীনে কর্মরত আছেন, তাই সংশ্লিষ্ট দপ্তর যদি আইনগত সহায়তার আবেদন করে, তবে সে অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ছবিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মো. আরফান আলী : পীরগঞ্জ (ঠাকূরগাঁও) সংবাদদাতা 

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উপজেলা  চত্বরে ১৮ নভেম্বর বুধবার  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

 উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, 

 বক্তারা বলেন,  বিদেশ থেকে  তেল আমদানী  উপর নির্ভরতা কমাতে এবং সরিষার উৎপাদন বাড়াতে সরকারের এই উদ্যোগ সফল করতে হবে। যারা প্রনোদণা পাবেন তা আবাদ করতে হবে, কোন ব্যবসা করা যাবে না, 

 অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশরাত জাহান লিমা,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম,  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা লতিফুল হাসান পীরগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি জেড এ বাবুল প্রমুখ।

 উল্লেখ্য, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উপজেলায় মোট ৩  হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে প্রণোদনা হিসেবে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডেপ, ১০ কেজি পটাশ সার প্রদান করা হয়েছে।

ইসলাম ধর্মে সবচেয়ে ভালো কাজ: আধ্যাত্মিকতা ও মানবতার এক অনন্য সমন্বয়

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইসলাম ধর্মে সবচেয়ে ভালো কাজ: আধ্যাত্মিকতা ও মানবতার এক অনন্য সমন্বয়

সুফি চিন্তক ও আধ্যাত্মিক গবেষক: মোঃ মাহাবুবুর রহমান

সুফি চিন্তক ও আধ্যাত্মিক গবেষক: মোঃ মাহাবুবুর রহমান

ইসলাম কেবল কিছু আনুষ্ঠানিক আচার-অনুষ্ঠানের নাম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ, ভারসাম্যপূর্ণ ও শাশ্বত জীবন ব্যবস্থা। ইসলামে 'ভালো কাজ' বা 'নেক আমল'-এর পরিধি অত্যন্ত ব্যাপক। এখানে ভালো কাজ বলতে শুধু মসজিদে গিয়ে নামাজ পড়া কিংবা রমজানে রোজা রাখাকেই বোঝায় না; বরং জীবনের প্রতিটি পদক্ষেপে এমন প্রতিটি কাজকে বোঝায়, যা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করে এবং তাঁর সৃষ্টির—বিশেষ করে মানুষের কল্যাণে আসে।

ইসলামের মূল দর্শন অনুযায়ী, মানুষের করণীয় ভালো কাজগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক, হাক্কুল্লাহ বা আল্লাহর হক। দুই, হাক্কুল ইবাদ বা বান্দার হক। একজন পরিপূর্ণ ও আদর্শ মানুষ হয়ে উঠতে হলে এই দুই হকের মধ্যে সঠিক সমন্বয় সাধন করা অপরিহার্য।

১. হাক্কুল্লাহ বা আল্লাহর হক:
ইসলামে সবচেয়ে বড় এবং মৌলিক ভালো কাজ হলো নিজের ঈমানকে খাঁটি রাখা, মহান আল্লাহর একত্বে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা এবং সকল প্রকার শিরক ও কুসংস্কার থেকে নিজেকে মুক্ত রাখা। ঈমানের পরই আসে ফরজ ইবাদতসমূহের স্থান। যেমন—দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা, পবিত্র রমজান মাসের রোজা রাখা, সামর্থ্য অনুযায়ী নিসাব পরিমাণ সম্পদের যাকাত প্রদান করা এবং জীবনে একবার পবিত্র হজ পালন করা। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সঠিক সময়ে নামাজ আদায় করা। এই ইবাদতগুলো মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং স্রষ্টার সাথে বান্দার নিবিড় সম্পর্ক গড়ে তোলে।

২. হাক্কুল ইবাদ বা বান্দার হক — যা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ:
আধ্যাত্মিকতার প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে মানুষের প্রতি মানুষের আচরণে। আজ আমাদের আত্মসমালোচনার সময় এসেছে। আমরা এতদিন যেভাবে স্বার্থপরের মতো চলছিলাম, সেভাবে আর চলা যাবে না। আমাদের নিজেদের চিন্তা ও আচরণকে আমূল পাল্টাতে হবে। সমাজের সাধারণ মানুষকে কষ্ট দিয়ে, ক্ষমতার ভয় দেখিয়ে কিংবা দুর্বলের অধিকার কেড়ে নিয়ে কপালে সেজদার দাগ ফেললেও কখনো প্রকৃত ভালো মুসলমান হওয়া যায় না। কারণ, আল্লাহ তায়ালা তাঁর নিজের হক ক্ষমা করলেও বান্দার হক ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না, যতক্ষণ না সেই ভুক্তভোগী বান্দা ক্ষমা করে।

ইসলামের দৃষ্টিতে বান্দার হকের ক্ষেত্রে সর্বোত্তম কাজগুলো হলো—
- জন্মদাতা পিতা-মাতার সাথে সর্বোচ্চ শ্রদ্ধা, ভালোবাসা ও উত্তম ব্যবহার করা এবং তাঁদের সেবায় নিজেকে নিয়োজিত রাখা।
- বাড়ির পাশের অসহায় ও দরিদ্র প্রতিবেশী, যে হয়তো লোকলজ্জার ভয়ে মুখ ফুটে কিছু বলতে পারে না অথচ তিনবেলা ঠিকমতো খেতে পারে না, নীরবে তার খোঁজ নেওয়া এবং সাধ্যমতো সহায়তা করা।
- পাশের বাড়ির কোনো বৃদ্ধ বা বৃদ্ধা যখন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকেন, তখন মানবিক দায়িত্ববোধ থেকে তাঁর চিকিৎসা ও সেবায় এগিয়ে আসা।
- ক্ষুধার্ত মানুষকে অন্ন দান করা, বিপদগ্রস্ত ও ঋণগ্রস্ত মানুষকে ঋণের বোঝা থেকে মুক্ত করতে সাহায্য করা এবং পিতৃহীন এতিম শিশুর মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দেওয়া।

মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.) অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, "তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী।"

৩. মেধা, জ্ঞান ও চিন্তার সঠিক ব্যবহার:
মহান সৃষ্টিকর্তা মানুষকে যে অমূল্য মেধা, বুদ্ধি ও চিন্তাশক্তি দান করেছেন, তার সঠিক ও কল্যাণকর ব্যবহারই হলো অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। বর্তমান যুগে তথ্য ও প্রযুক্তির প্রসারের সাথে সাথে মেধার অপব্যবহারও আশঙ্কাজনকভাবে বেড়েছে। ভুল, বানোয়াট ও মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে কাউকে বিপদে ফেলা, কারো সম্মানহানি করা কিংবা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা—এগুলো মেধার চরম অপব্যবহার ও জঘন্য পাপ। অন্যদিকে, সঠিক, সত্য ও কল্যাণকর তথ্য দিয়ে মানুষকে সচেতন করা এবং সমাজের মঙ্গল সাধন করাই হলো মেধার প্রকৃত সার্থকতা। মনে রাখতে হবে, মেধার অপব্যবহার যেমন একটি সাজানো জীবনকে ধ্বংস করে দিতে পারে, তেমনি মেধার সঠিক ব্যবহার একটি জীবনকে করে তুলতে পারে সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দময়।

৪. উত্তম চরিত্রই প্রকৃত মানুষের আসল পরিচয়:
ইসলামে নৈতিকতা ও উত্তম চরিত্রের গুরুত্ব অপরিসীম। হাদিসের ভাষ্যমতে, কিয়ামতের কঠিন দিনে মিজানের পাল্লায় যে আমলটি সবচেয়ে বেশি ভারী হবে, তা হলো বান্দার 'উত্তম চরিত্র'। সর্বদা সত্য কথা বলা, মানুষের গচ্ছিত আমানত রক্ষা করা, নিজের রাগ ও ক্রোধকে নিয়ন্ত্রণ করা, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়া, পরনিন্দা বা গীবত এবং অহংকার থেকে নিজেকে দূরে রাখা—এগুলোই একজন প্রকৃত ভালো মানুষ ও খাঁটি মুমিনের আসল পরিচয়।

আমাদের প্রতিটি প্রকাশ্য ও গোপন কাজ মহান আল্লাহ তায়ালা সূক্ষ্মভাবে দেখছেন। চূড়ান্ত বিচারের দিন তাঁর আদালতেই আমাদের সকলকে দাঁড়াতে হবে এবং প্রতিটি কাজের পাই টু পাই হিসাব দিতে হবে। এই চিরন্তন সত্য জানার পরও কেন আমরা অন্যায় ও অবিচারের সাথে জড়াবো? কেন সামান্য স্বার্থের জন্য সহজ-সরল মানুষের হৃদয়ে কষ্ট দেব?

উপসংহার:
আসুন, সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমরা নিজেদের বদলে ফেলি। মহান স্রষ্টার দেওয়া মেধা, সম্পদ ও আমলকে এমনভাবে ব্যবহার করি, যাতে আমাদের দ্বারা প্রতিটি মানুষ উপকৃত হয়, কেউ যেন বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত না হয়। সমাজের যেসব মানুষ প্রকৃত সুন্দর মনের অধিকারী, নির্লোভ ও সাদা-সিধে—আসুন আমরা তাঁদের প্রাপ্য সম্মান ও মর্যাদা দেই। মানুষের চোখের পানি মুছে দেওয়ার মাঝেই প্রকৃত ইবাদতের প্রশান্তি নিহিত। আর এটাই ইসলামের সবচেয়ে ভালো কাজ, এটাই মহান সৃষ্টিকর্তার দিকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে ফিরে যাওয়ার একমাত্র পথ।