সুন্দরবনে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে নৌকা বিকল, ২৯ পুণ্যার্থী উদ্ধার
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে আটকে পড়ে পুণ্যার্থীবাহী একটি নৌকা। পরে কোস্ট গার্ডের সহায়তায় নৌকাসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করে পুণ্যার্থীবাহী নৌকাটি।
পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং-সংলগ্ন এলাকায় পৌঁছালে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নৌকাটি নদীতে ভাসতে থাকে এবং বিপাকে পড়েন পুণ্যার্থীরা।
এ সময় নৌকায় থাকা একজন কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে লইট্টা খাল এলাকা থেকে বিকল নৌকাসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
কোস্ট গার্ডের এই মিডিয়া কর্মকর্তা আরও জানান, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন