নোয়াখালীর ভাসানচরে সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা (বিএসএস) এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ অবকাঠামো স্থাপনে ১৭৪ কোটি ১৮ লাখ ২ হাজার ২৮২ টাকার একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বাস্তবায়নাধীন ‘নোয়াখালী জেলার ভাসানচরে বিদ্যুতায়ন’ প্রকল্পের আওতায় টার্নকি ভিত্তিতে সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণব্যবস্থা নির্মাণ করা হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রকল্পের প্যাকেজ জিডি-১-এর আওতায় এক ধাপ দুই খাম পদ্ধতিতে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে মোট ১৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। যাচাই-বাছাই শেষে পাঁচটি দরপত্র কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়।
দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা হিসেবে চীনের সুহুয়া কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের পাওয়ার সিস্টেম ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড-এর যৌথ উদ্যোগকে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচিত প্রতিষ্ঠান দুটি ভ্যাট ও করসহ মোট ১৭৪ কোটি ১৮ লাখ ২ হাজার ২৮২ টাকা ব্যয়ে প্রকল্পের আওতাভুক্ত কাজ সম্পন্ন করবে।
জানা গেছে, ‘নোয়াখালী জেলার ভাসানচরে বিদ্যুতায়ন’ প্রকল্পটি ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।
প্রকল্পটির অর্থায়ন করবে বিশ্বব্যাংক এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম