রাঙামাটির কাউখালী-রানীরহাট সড়কের একটি বেইলি সেতু মেরামতের মাত্র দুই দিনের মাথায় আবারও ভেঙে পড়েছে। অতিরিক্ত ইটবোঝাই একটি ট্রাক সেতুর ওপর ওঠার পর বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সেতুর পাটাতন ধসে যায়। এতে ট্রাকটি সেতুর মাঝেই আটকে পড়ে এবং কাউখালী উপজেলার সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এর আগে গত শনিবারও একই সেতুর পাটাতন ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মেরামত কাজ শেষ করে গত মঙ্গলবার থেকে যান চলাচল পুনরায় চালু করে। কিন্তু মাত্র দুই দিনের মধ্যেই আবারও একই ধরনের দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাশের চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সেগুনবাগান, বহড়াতলী, বেতছড়ি ও ত্রিপুরা দিঘি এলাকা থেকে নিয়মিত অতিরিক্ত ইটবোঝাই ভারী ট্রাক চলাচল করছে। অথচ সেতুটিতে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত ওজন নিয়ে চলাচলের কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে দাবি তাদের।
এ বিষয়ে রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, বেইলি সেতুটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং সতর্কীকরণ সাইনবোর্ডও স্থাপন করা রয়েছে। কিন্তু চালকেরা নিয়ম না মেনে অতিরিক্ত মালামাল বহন করায় বারবার দুর্ঘটনা ঘটছে। দ্রুততম সময়ের মধ্যে সেতুটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম