সাম্প্রতিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আগামী ২৭ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের মতামত এবং বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
পরবর্তীতে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসকের ইতিবাচক প্রতিবেদন এবং শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের ভিত্তিতে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে আগামী ২৭ জুলাই থেকে স্থগিত থাকা সব অবশিষ্ট পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম