আবু মুসা || টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি ইস্যুকে কেন্দ্র করে আয়োজিত মতবিনিময় সভায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক হতাহতের তথ্য নিশ্চিত করা হয়নি।
জানা যায়, হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের প্রতিনিধি ও সাধারণ মানুষের মতামত গ্রহণের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সভা শুরুর কিছুক্ষণ পর ইউনিয়ন বিভক্তির বিরোধিতায় একটি বিক্ষোভ মিছিল পরিষদ চত্বরে এসে অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ এবং ইউনিয়ন পরিষদের দরজা, জানালা, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং নিরাপত্তা নিশ্চিত করে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে সুষ্ঠু তদন্তের দাবি জানান। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক নেতা ও স্থানীয় বাসিন্দারাও ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা আটক সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যোগফল অনলাইন নিউজ ডেস্ক