বিশ্বকাপের ব্যস্ততা শেষ করে আবারও ক্লাব ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। দীর্ঘ বিরতির পর রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৩টা ৩০ মিনিটে ব্রাসিলেইরাও সিরি ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে মাঠে নামবে তার ক্লাব সান্তোস।
ভিলা বেলমিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি সান্তোসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান করায় দলটির সামনে জয়ের বিকল্প নেই। এমন সময়ে নেইমারের প্রত্যাবর্তন সান্তোস শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছেন সমর্থকরা।
গত ১৮ জুলাই সান্তোসের অনুশীলনে ফিরলেও প্রথম দিন মাঠে নামেননি নেইমার। জিমে ফিটনেস ট্রেনিং এবং শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে প্রস্তুতি শুরু করেন তিনি। এরপর শুক্রবার পূর্ণমাত্রায় দলের সঙ্গে অনুশীলন করেন ব্রাজিলিয়ান এই তারকা। ফলে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশেই তাকে দেখা যেতে পারে।
সান্তোসের হয়ে নেইমার সর্বশেষ খেলেছিলেন গত ১৭ মে করিন্থিয়ান্সের বিপক্ষে। সেই ম্যাচে ৩-০ গোলে হারের পর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর বোটাফোগোর কাছেও ২-১ গোলে হারে সান্তোস। তাই নেইমারের প্রত্যাবর্তন দলটির জন্য স্বস্তির খবর।
এদিকে, নেইমারের ফেরার ম্যাচ ঘিরে বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
যেভাবে দেখবেন ম্যাচ
বাংলাদেশে ম্যাচটি কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার হওয়ার কথা নেই। তবে ব্রাসিলেইরাও সিরি ‘এ’-এর আন্তর্জাতিক সম্প্রচার স্বত্বধারী Fanatiz প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি সরাসরি দেখা যাবে। Fanatiz-এর অ্যাপ কিংবা ওয়েবসাইটে লগইন করে এই ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।