সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুকের ২৬ দিনের আমরণ অনশন শেষ হলেও আন্দোলন থামছে না। আন্দোলন আগের মতোই চলবে বলে ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
দিল্লির যন্তর-মন্তরের মূল মঞ্চে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ ঘোষণা দেন। এ সময় আন্দোলনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ওয়াংচুকের আত্মত্যাগ দেশজুড়ে নতুন এক গণজাগরণ সৃষ্টি করেছে।
অভিজিৎ দীপকে বলেন, “নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে সোনম স্যার গোটা দেশকে জাগিয়ে তুলেছেন। তাঁর এই আত্মত্যাগের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু তাঁর অনশন শেষ হলেও যন্তর-মন্তরের আন্দোলন চলবে।”
তিনি আরও বলেন, “এটি এখন আর শুধু একজন ব্যক্তি বা একটি দলের আন্দোলন নয়। এটি দেশের তরুণদের আন্দোলনে পরিণত হয়েছে। আমাদের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।”
এর আগে ভারত সরকারের পক্ষ থেকে তিনটি গুরুত্বপূর্ণ আশ্বাস পাওয়ার পর ২৬ দিনের অনশন ভাঙার সিদ্ধান্ত নেন সোনম ওয়াংচুক। গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি অনশন প্রত্যাহার করেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়াংচুক জানান, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, ড. জিতেন্দ্র সিং এবং ‘অ্যাপেক্স বডি অব লেহ-লাদাখ’-এর নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভেঙেছেন।
ওয়াংচুক বলেন, দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তবে আন্দোলনের মূল দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছে ককরোচ জনতা পার্টি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম