বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) আয়োজিত বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সাংবাদিকরা জানতে চান, পরবর্তী রাষ্ট্রপতি কি বিএনপির অভ্যন্তর থেকে হবেন, নাকি দলের বাইরের কোনো ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে? জবাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মির্জা ফখরুল।
এ সময় রাষ্ট্রপতি পদে তার নিজের নাম আলোচনায় রয়েছে—এ বিষয়ে তিনি আগ্রহী কি না জানতে চাইলে, সেই প্রশ্নেরও কোনো উত্তর দেননি বিএনপি মহাসচিব।
এদিকে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক পরিকল্পনা সম্মেলনে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য জি এম সিরাজ, মোশারফ হোসেন ও সুরাইয়া জেরিন রনি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. রফিকুল মোহামেদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আবদুল মজিদ প্রামাণিক।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম