হাসান মাহমুদ জয় | যোগফল প্রতিনিধি :
কুড়িগ্রামে বাণিজ্য মেলাকে কেন্দ্র করে বাস ভাঙচুর ও বাস শ্রমিকদের মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সিদ্রাত হোসেন সৌরভকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিদ্রাত হোসেন সৌরভ কুড়িগ্রাম জেলা শহরের একতাপাড়া ব্রিজপাড় এলাকার মো. আব্দুস সোবাহানের ছেলে।
এ ঘটনায় সিদ্রাত হোসেন সৌরভকে প্রধান আসামি করে মানিক মিয়া, ইদুল মিয়া, লাদেন মিয়া, রুবেল মিয়া, সাজু মিয়া, রুমান খান ও রুহানসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, “প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপরাধী যেই হোক, মামলার বাকি আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাতে বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বাস শ্রমিকরা। তাদের অভিযোগ, বাণিজ্য মেলা থেকে বের হওয়া কয়েকজন যুবক ‘মা নাদিয়া পরিবহন’-এর একটি বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায় এবং পরে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে মারধর করে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বাণিজ্য মেলা বন্ধের দাবি জানান বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে রাত প্রায় ১১টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেন।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
যোগফল অনলাইন নিউজ ডেস্ক