এইচএসসি ও সমমানের রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্নে ভুল রয়েছে—এমন অভিযোগের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের দাবি, প্রশ্নপত্রে কোনো ধরনের ভুল হয়নি। পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নের জন্য বিস্তারিত নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বোর্ডের প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা কোনো প্রশ্নের আংশিক সঠিক উত্তর দিলেও তারা প্রাপ্য অনুযায়ী আংশিক নম্বর পাবেন। যেমন, কোনো বিক্রিয়ার অর্ধ-সমীকরণ সঠিকভাবে সম্পন্ন করা, সঠিক রাসায়নিক সূত্র লেখা অথবা নির্দিষ্ট ধারণার যথাযথ ব্যাখ্যা দিতে পারলে সে অনুযায়ী নম্বর দেওয়া হবে।
এ ছাড়া সৃজনশীল প্রশ্নের (ঘ) অংশে উচ্চতর দক্ষতা মূল্যায়নের জন্য ৪ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। এ অংশে শুধু গাণিতিক বিশ্লেষণ নয়, যৌক্তিক ব্যাখ্যাও উপস্থাপন করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
গত বুধবার অনুষ্ঠিত এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে কয়েকটি প্রশ্নে ভুল রয়েছে বলে অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের দাবি, প্রশ্নপত্রের ১, ৫, ৬ ও ৮ নম্বর উদ্দীপকে অসঙ্গতি ছিল, যা তাদের মধ্যে বিভ্রান্তি ও মানসিক চাপ সৃষ্টি করেছে।
তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এসব অভিযোগ নাকচ করে জানিয়েছেন, প্রশ্নপত্রে কোনো ভুল নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তার বাস্তব কোনো ভিত্তি নেই বলেও তারা দাবি করেন।
কর্মকর্তাদের ভাষ্য, কিছু কোচিং সেন্টারের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ভুল তথ্য ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অযথা বিভ্রান্তি তৈরি করছেন। তাই গুজবে কান না দিয়ে বোর্ডের আনুষ্ঠানিক নির্দেশনার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন তারা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম