রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তাকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি না হলে ব্রাজিলিয়ান এই তারকার জন্য চেষ্টা চালাতে পারে লন্ডনের ক্লাবটি। এমন তথ্য জানিয়েছে দ্য অ্যাথলেটিক।
প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সী ভিনিসিয়ুসকে আক্রমণভাগ আরও শক্তিশালী করার অন্যতম সম্ভাব্য লক্ষ্য হিসেবে দেখছে আর্সেনাল। তবে আগ্রহ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়নি এবং দুই ক্লাবের মধ্যে কোনো আলোচনা হয়নি।
বর্তমানে ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি। নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনায় এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ফলে পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে আর্সেনাল। তবে রিয়াল মাদ্রিদ তাদের অন্যতম সেরা তারকাকে বিনামূল্যে হারানোর ঝুঁকি নিতে চায় না।
অন্যদিকে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রিয়াল মাদ্রিদের প্রধান কোচ জোসে মরিনিও দল থেকে কোনো বড় তারকার বিদায়ের পক্ষে নন। তিনি ক্লাব কর্তৃপক্ষকে পরিষ্কারভাবে জানিয়েছেন, বর্তমান স্কোয়াডের শীর্ষ খেলোয়াড়দের ধরে রাখাই তার অগ্রাধিকার।
সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে ছিলেন ভিনিসিয়ুস। ব্রাজিলের হয়ে পাঁচ ম্যাচে চার গোল করলেও শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় সেলেসাওরা।
ক্লাব ফুটবলেও ২০২৫-২৬ মৌসুমে দারুণ পারফর্ম করেছেন এই উইঙ্গার। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ গোল করেছেন তিনি। যদিও ভিনিসিয়ুসের ব্যক্তিগত নৈপুণ্য রিয়াল মাদ্রিদকে শিরোপা এনে দিতে পারেনি। টানা দ্বিতীয় মৌসুম ট্রফিশূন্য থেকে লা লিগায় বার্সেলোনার পেছনে রানার্সআপ হয় লস ব্লাঙ্কোস।
২০১৮ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর থেকে স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৩৭৫ ম্যাচে ১২৮ গোল ও ১০০ অ্যাসিস্ট করে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
এখন দেখার বিষয়, নতুন চুক্তিতে সমঝোতা হয় কি না, নাকি ভিনিসিয়ুসকে ঘিরে ইউরোপের দলবদলের বাজারে নতুন এক আলোচিত অধ্যায়ের সূচনা হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম