ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে আগুন নেভানোর সময় ঘন ঘন বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ মোট পাঁচজন আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) গভীর রাতে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার শহিদুল্লা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনে অবস্থিত রঙ মিশানোর কেমিক্যাল কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা প্রায় ছয় ঘণ্টার অভিযানের পর সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে কারখানার সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত ছাড়া আগুনের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
আগুন নিয়ন্ত্রণের সময় কারখানার কেমিক্যাল গুদামে একের পর এক বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের চার সদস্য ও এক স্থানীয় বাসিন্দা আহত হন।
আহতরা হলেন ফায়ার ফাইটার মো. শামীম, মো. উজ্জ্বল, মো. ওমর ফারুক, টিম লিডার মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউর রহমান। গুরুতর আহত মশিউর রহমানকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
সাভার ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ১টা থেকে টানা অভিযান চালিয়ে সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, কারখানায় বিপুল পরিমাণ দাহ্য কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার ফায়ার ফাইটার আহত হলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে আহত স্থানীয় বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম