সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বর্তমানে ফৌজদারি মামলা করার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি আগামী ছয় মাস নিরাপত্তাসহ আইনগত সব ধরনের প্রাপ্য সুবিধা পাবেন।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের সময় তিনি সংবিধান অনুযায়ী বিশেষ আইনি সুরক্ষা (প্রিভিলেজ) ভোগ করেছেন। ফলে ওই সময়ের দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত বিষয়ে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা বা আদালতে বিচারিক কার্যক্রম চালানোর সুযোগ নেই।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের বাইরের কোনো বিষয়ে কেউ অভিযোগ বা বক্তব্য দিতে পারেন, সেটি তাদের অধিকার। তবে এখন পর্যন্ত সরকার আমলে নেওয়ার মতো কোনো অভিযোগ পায়নি।
এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক পরিবেশে সবাই মত প্রকাশের স্বাধীনতা ভোগ করছেন। তবে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলোর মধ্যে সরকার গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয় খুঁজে পায়নি।
নিরাপত্তা সুবিধা সম্পর্কে তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী এসএসএফ, পিজিআরসহ নির্ধারিত নিরাপত্তা সুবিধা ছয় মাস পর্যন্ত পাবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও তার নিরাপত্তা নিশ্চিত করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন যেসব সুযোগ-সুবিধা সাবেক রাষ্ট্রপতির জন্য নির্ধারণ করেছে, সেগুলোর সবই মো. সাহাবুদ্দিন পাবেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম