ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে আবারও ফিরছেন ধারাবাহিক নাটকে। একক নাটক, ইউটিউব কনটেন্ট ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করলেও ২০২১ সালে প্রচারিত ‘হাউজ নং ৯৬’-এর পর আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি তাকে। এবার সেই বিরতি ভেঙে নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ অভিনয় করছেন তিনি।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ধারাবাহিকের প্রথম লুক ইতোমধ্যে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট। এতে তটিনীকে দেখা যাবে ‘নূরজাহান’ চরিত্রে। নাটকটিতে আরও অভিনয় করছেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে ফিরছেন অভিনেত্রী সুমাইয়া শিমুও।
নির্মাতা রাজ জানান, তার আগের জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর মতোই ‘ফিরে আসার গল্প’-তেও পারিবারিক সম্পর্ক, আবেগ ও জীবনের বাস্তব গল্প তুলে ধরা হবে। বর্তমানে নাটকটির শুটিংয়ের প্রস্তুতি চলছে। আগামী মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে রাজের পরিচালনায় ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প ২’ এবং ‘সম্পর্কের গল্প’ নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তটিনী। সম্প্রতি তিনি নির্মাতার নতুন নাটক ‘পথহারা’-র শুটিংও শেষ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জাহিদ হাসান, খায়রুল বাসার ও দীপা খন্দকার।
অন্যদিকে, তটিনীকে সর্বশেষ দেখা গেছে জাকারিয়া সৌখিন পরিচালিত ‘কাজল চোখের মেয়ে’ নাটকে। ফারহান আহমেদ জোভানের সঙ্গে অভিনীত নাটকটি ইউটিউবে মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া ফেলে। প্রকাশের মাত্র আট দিনেই নাটকটির ভিউ ১ কোটি ৩০ লাখ অতিক্রম করেছে।
আজ (২৬ জুলাই) সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে তটিনীর নতুন নাটক ‘অমর প্রেম’। জাহিদুল ইসলাম সুজন পরিচালিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ।
এদিকে তটিনীকে নিয়ে বড় পর্দায় অভিষেকের গুঞ্জন থাকলেও আপাতত সিনেমায় অভিনয়ের পরিকল্পনা নেই তার। অভিনেত্রীর ভাষ্য, এখন তার সম্পূর্ণ মনোযোগ নাটকে। নিজেকে আরও প্রস্তুত ও পরিণত করে তবেই চলচ্চিত্রে যাত্রা শুরু করতে চান তিনি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম