নিজস্ব প্রতিবেদক | যোগফল.কম
গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বাজেট উপস্থাপন করেন। সভায় নির্বাহী কর্মকর্তা মিজ তিনজিলা খানমের সভাপতিত্বে সিটি করপোরেশনের সচিব, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও ওয়ার্ড সচিবরা উপস্থিত ছিলেন।
বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ২,৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা, সাধারণ রাজস্ব তহবিল থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাতে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২,০১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, মোট ব্যয় ধরা হয়েছে ২,৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে সাধারণ রাজস্ব তহবিলে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানভিত্তিক উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১,৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।
বাজেট অনুযায়ী, অর্থবছর শেষে সিটি করপোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২,৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা। এছাড়া সভায় ২০২৫-২৬ অর্থবছরের ৩,৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। ওই সংশোধিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১,০২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা এবং সমাপনী স্থিতি ২,৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।
নগর প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, এবারের বাজেট জনকল্যাণমুখী ও নগরকে পরিচ্ছন্ন ও সবুজ নগর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা এবং মশা নির্ধারণ কার্যক্রম বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
যোগফল অনলাইন নিউজ ডেস্ক