প্রিন্টিং তারিখ: ২৭ জুলাই ২০২৬প্রকাশের তারিখ: ২৬ জুলাই ২০২৬
সালদা নদী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী সীমান্ত দিয়ে এক নারী ও তিন শিশুসহ চারজনের বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৬ জুলাই) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সালদা নদী বিওপি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, এক নারী ও তিন শিশুসহ চারজন শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সালদা নদী বিওপির নিয়মিত টহল দল তাদের শনাক্ত করে। পরিস্থিতি মূল্যায়ন করে দ্রুত ব্যবস্থা নেওয়ায় তাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।
এ ঘটনায় সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি সম্ভাব্য যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।