বিশ্বকাপে হতাশাজনক অধ্যায় পেছনে ফেলে ক্লাব ফুটবলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সান্তোসের জার্সিতে ফিরেই জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচালেও ম্যাচ শেষে অপেক্ষা করছিল এক দুঃসংবাদ। হলুদ কার্ড দেখায় লিগের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
ম্যাচের শুরুতে কিছুটা চাপে থাকলেও প্রথমার্ধের শেষ দিকে সতীর্থ বারিয়ালের সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল করে সান্তোসকে এগিয়ে দেন নেইমার। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে টানা দুই গোল করে ম্যাচে এগিয়ে যায় শাপকোয়েন্স।
পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সান্তোস। ম্যাচের ৮৯তম মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। প্রতিপক্ষের ডি-বক্সে ক্যাবায়েরোকে ফাউল করলে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। তার জোড়া গোলে শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র নিয়েই মাঠ ছাড়ে সান্তোস।
তবে ম্যাচজুড়ে রেফারির কয়েকটি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন নেইমার। দ্বিতীয়ার্ধে শাপকোয়েন্সের খেলোয়াড় ব্রুনো তুবারার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি।
এই হলুদ কার্ডই নেইমারের জন্য বড় ধাক্কা হয়ে আসে। ব্রাজিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী প্রতি তিনটি হলুদ কার্ডের পর এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হয়। টানা তিন ম্যাচে হলুদ কার্ড দেখায় আবারও এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি।
ফলে লিগে সান্তোসের পরবর্তী ম্যাচে সাও পাওলোর বিপক্ষে মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান এই সুপারস্টার। যদিও বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই তার জোড়া গোল ভক্তদের স্বস্তি দিয়েছে, তবে নিষেধাজ্ঞার কারণে পরের ম্যাচে তাকে না পাওয়ায় বড় ধাক্কাই খেল সান্তোস।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম