প্রিন্টিং তারিখ: ২৭ জুলাই ২০২৬প্রকাশের তারিখ: ২৬ জুলাই ২০২৬
হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ উদ্যোগে ইরান-ওমান
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে দুই দিনের বৈঠক করেছে ইরান ও ওমান। তেহরানে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন এবং সমুদ্রপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
রোববার (২৬ জুলাই) এক টেলিগ্রাম বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানান, বৈঠকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা ও কার্যকর পদক্ষেপ নিয়ে মতবিনিময় হয়েছে। পাশাপাশি উপকূলীয় দুই দেশের সার্বভৌম অধিকার ও জাতীয় স্বার্থকে সম্মান জানিয়ে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
তিনি বলেন, ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং বেশ কিছু বিষয়ে অগ্রগতি অর্জিত হয়েছে। ওমানের প্রতিনিধিদল তেহরান সফর শেষ করলেও রাজনৈতিক ও কারিগরি পর্যায়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।
ইসমাইল বাঘায়ি আরও জানান, বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। নৌপথে কোনো ধরনের পরিবর্তন বা বিঘ্ন সৃষ্টি হয়নি এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলো নিয়মিত চলাচল করছে।
উল্লেখ্য, এর আগেও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একাধিক কারিগরি বৈঠক করেছে ইরান ও ওমান। ইরানের দাবি, হরমুজ প্রণালি-সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত বা ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থকে অবশ্যই সম্মান জানাতে হবে।