শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। তিনি বলেন, কৃষি খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণরা উদ্যোক্তা হলে কর্মসংস্থান সৃষ্টি হবে, পাশাপাশি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষি বিষয়ে পড়াশোনা মানেই শুধু সরকারি চাকরির চিন্তা নয়। কৃষিভিত্তিক শিল্প, কৃষি প্রযুক্তি ও অ্যাগ্রো বিজনেসে নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।
তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান একটি বড় চ্যালেঞ্জ। তাই শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না, দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটিয়ে নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল খাতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, নতুন প্রযুক্তি দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং মাঠপর্যায়ের কৃষকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষির উন্নয়নে নবীন শিক্ষার্থীরাই নেতৃত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শেকৃবির উপাচার্য ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম