প্রিন্টিং তারিখ: ২৭ জুলাই ২০২৬প্রকাশের তারিখ: ২৬ জুলাই ২০২৬
শ্রমনির্ভর নয়, জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে চায় সরকার
ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটে বক্তব্য রাখছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত চিপ ডিজাইন, বায়ো-ইলেকট্রনিক্সসহ উচ্চপ্রযুক্তি খাতের বিকাশের মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তি উদ্ভাবনকারী দেশ হিসেবে গড়ে তোলা হবে।
রোববার (২৬ জুলাই) রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টরসিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর (BEAR) সামিট-২০২৬-এর দ্বিতীয় দিনের ‘বাংলাদেশ ডিপ-টেক ফিউচার’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ শুধু প্রযুক্তি ব্যবহারকারী দেশ হয়ে থাকতে চায় না; বরং ভবিষ্যতে প্রযুক্তি উদ্ভাবন ও উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রযুক্তিপণ্য ও প্রযুক্তিসেবা রপ্তানিতে ‘Made in Bangladesh’ ব্র্যান্ডকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে। একই সঙ্গে সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের উন্নয়নে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে।
ফকির মাহবুব আনাম বলেন, দেশের তরুণরাই আগামী দিনের প্রযুক্তি খাতের নেতৃত্ব দেবে। তাই তাদের গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করবে সরকার।
অনুষ্ঠানে বৈশ্বিক একাডেমিক প্লেনারি অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পারড্যু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রি পেরুলিস।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, প্রফেসর মোহাম্মদ মোস্তফা হোসাইন, পারড্যু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা, সিলিকন রিভার বাংলাদেশের চিফ আর্কিটেক্ট এবং নভোথিয়েটারের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।