প্রিন্টিং তারিখ: ২৭ জুলাই ২০২৬প্রকাশের তারিখ: ২৭ জুলাই ২০২৬
ওসমান হাদি হত্যা মামলায় জামিন পেলেন না ফয়সালের স্ত্রী
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।
রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে মোবারক।
মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান বিন হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের রাজধানীর সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানসহ কয়েকজনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, হত্যাচেষ্টার পরিকল্পনা, অর্থায়ন ও পৃষ্ঠপোষকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
ঘটনার পর একই দিন র্যাব অভিযান চালিয়ে ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন, তার শ্যালক ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তারকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে আদালতে সাহেদা পারভীন, ওয়াহিদ আহমেদ ও মারিয়া আক্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সর্বশেষ হাইকোর্ট সাহেদা পারভীনের জামিন আবেদন খারিজ করে তাকে জামিন না দেওয়ার আদেশ দিয়েছেন।