নিজম্ব প্রতিবেদক| যোগফল অনলাইন নিউজ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা, পাঠলাই ও রক্তি নদীপথে বিআইডব্লিউটিএ ও টোল ট্যাক্সের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ঘোষণা দিয়েছে যাদুকাটা ব্যবসায়িক শ্রমিক সমিতি ও নৌ মালিক সমিতি।
রোববার (২৬ জুলাই) দুপুর ১২টায় যাদুকাটা নদীর ঘাগড়া কুড়েরপাড় এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলন ও ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে কয়েক হাজার শ্রমিক, নৌযান মালিক ও ব্যবসায়ী অংশ নেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নৌ পরিবহন মালিক সমিতির সভাপতি কামাল হোসেন। তিনি অভিযোগ করেন, পাঠলাই নদীর কামালপুর ও যাদুকাটা নদীর ফাজিলপুর এলাকায় সরকারের নির্ধারিত টোলের চেয়ে কয়েকগুণ বেশি অর্থ আদায় করা হচ্ছে। এছাড়া রক্তি নদীর মুখে কোনো বৈধ ইজারা ছাড়াই জোরপূর্বক প্রতি ফুট মালামালে অতিরিক্ত টাকা এবং খালি নৌকা প্রবেশের ক্ষেত্রেও প্রতি নৌকায় ৩ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা এই অতিরিক্ত টোল আদায়ের কারণে যাদুকাটা ও পাঠলাই নদীপথের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ ও স্মারকলিপি দেওয়া হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এ অবস্থায় আগামী ২৮ জুলাই থেকে যাদুকাটা ও পাঠলাই নদীতে সব ধরনের নৌযান চলাচল এবং বালু-পাথর লোড-আনলোড কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতারা।
এদিকে একই দাবিতে শনিবার (২৫ জুলাই) থেকে জামালগঞ্জ উপজেলার লালপুর স্টোন ক্রাশার মালিক ও শ্রমিক সমিতিও সুরমা নদীতে নৌযান চলাচল এবং মালামাল লোড-আনলোড বন্ধ রেখে কর্মসূচি পালন করছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যাদুকাটা ব্যবসায়িক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাকিকুল ইসলাম, নৌ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মাদ সিদ্দিক মিয়া, সদস্য শামছুল হক, মুবাশ্বির আলম হিমেল এবং স্টোন ক্রাশার মালিক সমিতির সদস্য নুরুদ্দিনসহ অন্যান্য নেতারা।
উল্লেখ্য, অতিরিক্ত টোল ও চাঁদাবাজির অভিযোগগুলো সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উত্থাপন করেছেন। এ বিষয়ে অভিযুক্ত পক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
যোগফল অনলাইন ডেস্ক