ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল এবারও মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে অংশ নিচ্ছেন না। তবে ম্যাচে না খেললেও তাদের কোনো ধরনের শাস্তি বা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হচ্ছে না।
এমএলএসের নিয়ম অনুযায়ী, অল-স্টার দলে নির্বাচিত কোনো ফুটবলার বৈধ কারণ ছাড়া ম্যাচে অনুপস্থিত থাকলে শাস্তির বিধান রয়েছে। তবে মেসি ও ডি পলের ক্ষেত্রে সেই নিয়ম কার্যকর হচ্ছে না।
২০২৬ বিশ্বকাপ শেষে দীর্ঘ মৌসুমের ধকল কাটিয়ে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে ফিফপ্রো-এর নীতিমালা অনুসরণ করেছে এমএলএস। সেই নীতির আওতায় দুই আর্জেন্টাইন তারকাকে বিশেষ ছুটি দেওয়া হয়েছে।
মৌসুম শুরুর আগেই এ বিষয়ে এমএলএস ও এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে একটি সমঝোতা হয়। চুক্তি অনুযায়ী, বিশ্বকাপ শেষে প্রতিটি ক্লাব নিজেদের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে বিশ্রাম ও অনুশীলনে ফেরার সময়সূচি নির্ধারণ করতে পারবে।
এমএলএস এক বিবৃতিতে জানিয়েছে, ওই নীতিমালার আওতায় লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলকে অল-স্টার ম্যাচে অংশগ্রহণ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে তাদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম