বিশ্বকাপের পর মাঠে ফিরেই জোড়া গোল করে সান্তোসকে হার থেকে বাঁচিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে দুর্দান্ত পারফরম্যান্সের পরও এবার তিনি আলোচনায় এসেছেন ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার অভিযোগে।
শনিবার ব্রাজিলিয়ান লিগে শাপকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করে সান্তোস। ম্যাচে দুই গোল করেন ৩৪ বছর বয়সী নেইমার। শেষ মুহূর্তে তার পেনাল্টি থেকেই সমতায় ফেরে দল। তবে ম্যাচে হলুদ কার্ড দেখায় পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর দাবি, বিরতির সময় ড্রেসিংরুমে কয়েকজন সতীর্থের সঙ্গে তীব্র তর্কে জড়িয়ে পড়েন নেইমার। বিশেষ করে তরুণ ফুটবলার গ্যাব্রিয়েল বনতেম্পো ও জোয়াও অ্যানানিয়াসের সঙ্গে তার উত্তপ্ত বাকবিনিময় হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, বনতেম্পোর পারফরম্যান্স নিয়ে কঠোর মন্তব্য করেন নেইমার। এমনকি তাকে আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগে খেলতে হতে পারে বলেও কটাক্ষ করেন বলে দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
অন্যদিকে নেইমারের ঘনিষ্ঠদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। বনতেম্পো ও অ্যানানিয়াস অবশ্য বিরতির সময় তর্কের বিষয়টি স্বীকার করলেও সংবাদমাধ্যমে প্রকাশিত কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন।
সান্তোসের অভ্যন্তরীণ সূত্রের ধারণা, ড্রেসিংরুমের সেই উত্তেজনার প্রভাব দ্বিতীয়ার্ধের খেলাতেও পড়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ক্লাব ইতোমধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম