লক্ষ্মীপুর, ২৭ জুলাই: লক্ষ্মীপুরে ড্রামট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে চৌধুরী রুবেল (৩০) নামে এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চবিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফারুক হোসেন চৌধুরীর বড় ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রুবেল সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী হিসেবে যাচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির ড্রামট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে তিনি হাত, পা ও মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাই ও সাবেক ছাত্রদল নেতা শরীফ হোসেন চৌধুরীর বরাত দিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা গেছেন। তার মৃত্যুতে ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তারা জেনেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম