পটুয়াখালীর দুমকিতে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সজল আহমেদ সৈকত (৫০) নামে এক টোল কালেক্টরের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পায়রা সেতুর উত্তর টোল প্লাজায় এ ঘটনা ঘটে।
টোল কর্তৃপক্ষ জানায়, দায়িত্ব পালন করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সজল আহমেদ সৈকত। টোল প্লাজার সিসিটিভি ক্যামেরায় বিষয়টি নজরে আসার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে লেবুখালী সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
সজল আহমেদ সৈকত পায়রা সেতুর টোল প্লাজায় টোল কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ সদর পৌরসভা এলাকায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) বাদ জোহর ময়মনসিংহ পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
দীর্ঘদিন দায়িত্বশীলতার সঙ্গে কর্মরত সজল আহমেদ সৈকতের আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। টোল প্লাজার কর্মকর্তা-কর্মচারীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম