বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার মাঠের বাইরে শুরু করছেন নতুন এক অধ্যায়। দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের পর অভিনয় ও প্রযোজনায় নাম লিখিয়ে হলিউডে অভিষেক হতে যাচ্ছে পর্তুগিজ এই মহাতারকার।
৪১ বছর বয়সী রোনালদোর সদ্য সমাপ্ত বিশ্বকাপই ছিল জাতীয় দলের হয়ে শেষ বিশ্বকাপ। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেললেও তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কেটেছে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। সেই সময়ের নানা ঘটনা ও অভিজ্ঞতাকে ঘিরেই নির্মিত হচ্ছে ব্রিটিশ ফুটবলভিত্তিক একটি সিরিজ, যেখানে অভিনয় করবেন রোনালদো।
শুধু অভিনয়েই নয়, সিরিজটির কার্যনির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি নিজের প্রতিষ্ঠিত প্রোডাকশন হাউসের ব্যানারেই সিরিজটির প্রযোজনা করা হচ্ছে।
এই সিরিজে রোনালদোর পাশাপাশি দেখা যাবে আর্সেনালের সাবেক ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরিকেও।
নতুন এই যাত্রা নিয়ে উচ্ছ্বসিত রোনালদো বলেন, “এটি আমার জন্য দারুণ রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা। জীবনের নতুন একটি দিক উন্মোচিত হলো। আমরা সব সময় নতুন কিছু করতে ভালোবাসি। আশা করছি দর্শকরা এটি উপভোগ করবেন।”
ফুটবল মাঠে অসংখ্য সাফল্যের পর এবার বিনোদন জগতেও নিজের উপস্থিতি জানান দিতে প্রস্তুত ক্রিশ্চিয়ানো রোনালদো।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম