পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। খোলা বাজারে ডাকের মাধ্যমে মাছটি প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এতে একক মাছটির মূল্য দাঁড়িয়েছে ৭ হাজার ৪৭৫ টাকা।
সোমবার (২৭ জুলাই) সকালে এফবি জারিফ তারিফ-৪ নামের একটি ফিশিং ট্রলারের জেলে আসাদ মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স মায়ের দোয়া মৎস্য আড়তে মাছটি তোলা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. সোহাগ হোসেন ডাকের মাধ্যমে এটি কিনে নেন।
ক্রেতা সোহাগ হোসেন জানান, বড় আকারের ইলিশ হওয়ায় বাজারে এর চাহিদা ছিল বেশ ভালো। মাছটি ঢাকার বাজারে পাঠানো হবে।
জেলে আসাদ মাঝি বলেন, নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে গেলেও বৈরী আবহাওয়ার কারণে এবার ভরা মৌসুমেও আশানুরূপ ইলিশ মিলছে না। পাঁচ দিন আগে সাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই বড় ইলিশটি ধরা পড়ে।
একই ট্রলারের জেলে সোলায়মান বলেন, পুরো ট্রলারে বড় ইলিশ বলতে এটিই ছিল। বড় মাছের সংখ্যা এবার তুলনামূলক কম হলেও এমন একটি ইলিশ পেয়ে তারা আনন্দিত।
এদিকে, কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বঙ্গোপসাগরে আগের তুলনায় মাছের প্রাপ্যতা কমেছে। তবে সরকারি নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নের ফলে বড় আকারের ইলিশের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। সামনের দিনগুলোতে আরও বেশি বড় ইলিশ ধরা পড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম