পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। মালদ্বীপের ‘ফাইভ মিলিয়ন ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হবে।
রোববার (২৬ জুলাই) মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উপলক্ষে রাজধানী মালের লোনুজিয়ারা পার্কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ ঘোষণা দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে বন্ধুত্ব ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে মালদ্বীপ সরকারের হাতে ১০টি গাছের চারা তুলে দেন তিনি। এছাড়া অনুষ্ঠানে নিজ হাতে একটি গাছের চারাও রোপণ করেন।
অনুষ্ঠানে বক্তব্যে ড. খলিলুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ সরকার দেশটির ‘ফাইভ মিলিয়ন ট্রি’ কর্মসূচির জন্য ২০ হাজার গাছের চারা প্রদান করবে।
এ সময় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আলী শরীফ বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, এ উদ্যোগ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং জলবায়ু কার্যক্রমে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-২৮)-এ মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু দেশজুড়ে ৫০ লাখ গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেন। এরই মধ্যে দেশটিতে ১০ লাখের বেশি গাছ রোপণ করা হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম