ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিজ বাসভবনের চারতলার ছাদ থেকে পড়ে কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক ওরফে মোখলেছ মাস্টার (৬২) মারা গেছেন।
রোববার (২৬ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডেল মসজিদসংলগ্ন নিজ চারতলা ভবনের ছাদে গাছের পরিচর্যা করছিলেন মোখলেছ মাস্টার। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
মোখলেছ মাস্টার উপজেলার শুশুতি ডাকেরভিটা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সকালে ফুলবাড়িয়া কে আই সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে রাজঘাট ডাকেরভিটা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম