গাজীপুরের টঙ্গীতে নাশকতার মামলার আসামি ছাত্রলীগ নেতা নিয়ামুল হাসান নাহিদকে (১৬) গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে টঙ্গীর সাতাইশ চৌরাস্তা ধরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি নিয়ামুল হাসান নাহিদ ওই এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, নাহিদের বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম