বাংলাদেশ জাতীয় দলে জায়গা না পেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলছেন তিনি। এরই মধ্যে নতুন আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার।
প্রথমবারের মতো নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলবেন ৩৮ বছর বয়সী সাকিব। তাকে দলে ভেড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে পোখারা অ্যাভেঞ্জার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাকিবকে স্বাগত জানিয়ে পোখারা অ্যাভেঞ্জার্স লিখেছে, ‘বিশ্বমঞ্চ থেকে এবার পোখরার চূড়ায়! ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার এখন নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের সদস্য। পরিবারে স্বাগতম, সাকিব আল হাসান!’
সাকিবকে বরণ করে নিতে একটি বিশেষ ভিডিওও প্রকাশ করেছে দলটি। ভিডিওতে পাহাড়ের চূড়ায় সিংহাসনে বসা সাকিবকে দেখানো হয়েছে। তার চারপাশে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার ঘুরে অবস্থান নেওয়ার দৃশ্যও তুলে ধরা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে।
২০২৪ সালে যাত্রা শুরু করে নেপাল প্রিমিয়ার লিগ। উদ্বোধনী আসরে শিরোপা জেতে জনকপুর বোল্টস। আর সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন হয় লুম্বিনি লায়নস।
অন্যদিকে, চলমান লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে এখন পর্যন্ত চার ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছেন সাকিব। তবে ব্যাট হাতে এখনো ছন্দে ফিরতে পারেননি তিনি। দুই ইনিংসে তার সংগ্রহ মাত্র ১০ রান।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম