ছোটবেলার পরিচিত ছড়া ‘আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ’ এবার নতুন আঙ্গিকে হাজির হচ্ছে মিউজিক ভিডিওতে। জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ অমি ও ঢালিউড অভিনেত্রী আঁচল আঁখির নতুন গান ‘আতা গাছে তোতা পাখি’ ঘিরে ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
ঈদুল আজহার পর নতুন এই গানে আবারও জুটি বেঁধেছেন অমি ও আঁচল। পরিচিত ছড়ার জনপ্রিয় ক্যাচলাইন ব্যবহার করা হলেও গানটির কথা, সুর ও সংগীতায়োজনে রাখা হয়েছে আধুনিক রোমান্টিক আবহ। ‘ও সুন্দরী কবে হবি আমার ঘরের বউ’— এমন কথার মেলোডি ও বিট তরুণ শ্রোতাদের আকৃষ্ট করবে বলে আশা সংশ্লিষ্টদের।
আগামী বৃহস্পতিবার (২৯ জুলাই) সৈয়দ অমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।
ভিডিওটির টিজারে দেখা গেছে, আঁচল আঁখির গ্ল্যামারাস উপস্থিতি ও সৈয়দ অমির স্টাইলিশ পারফরম্যান্সের সঙ্গে লন্ডনের মনোরম লোকেশন, রঙিন কোরিওগ্রাফি এবং আকর্ষণীয় কস্টিউম পুরো ভিডিওতে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।
নতুন গান প্রসঙ্গে সৈয়দ অমি বলেন, “সব সময়ই আমরা দর্শকদের জন্য ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি। ছোটবেলার স্মৃতিবিজড়িত একটি ছড়াকে আধুনিক রোমান্টিক গানে রূপ দিয়েছি। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।”
চিত্রনায়িকা আঁচল আঁখি বলেন, “গানের কনসেপ্টটি আমার খুব ভালো লেগেছে। পরিচিত একটি ছড়াকে সুন্দরভাবে গল্প ও গানের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। শুটিংয়ের পুরো সময়টা আমরা দারুণ উপভোগ করেছি। দর্শকদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।”
উল্লেখ্য, গত কয়েক বছরে সৈয়দ অমি ও আঁচল আঁখি একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিও উপহার দিয়েছেন। এর মধ্যে ‘মাতাল’, ‘দুই চাক্কার সাইকেল’ এবং ‘পরি পাইছি রে’ ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি দর্শক-শ্রোতার সাড়া পেয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম