ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি ফুটবলার ও সফল কোচ জিনেদিন জিদান। ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) ২০৩০ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে। দীর্ঘদিনের কোচ দিদিয়ের দেশমের বিদায়ের পর জিদানের দায়িত্ব নেওয়ার জল্পনার অবসান ঘটল এ ঘোষণার মধ্য দিয়ে।
১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো জিদান কোচ হিসেবেও গড়েছেন অনন্য সাফল্যের ইতিহাস। রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্ব রয়েছে তার। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদ শেষে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর দীর্ঘ সময় কোচিংয়ের বাইরে ছিলেন তিনি।
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ার পর নতুন করে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হলো ৫৪ বছর বয়সী এই ফরাসি কিংবদন্তির হাতে।
দায়িত্ব গ্রহণের পর জিদান বলেন, “ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া আমার জন্য বিশাল সম্মান। আমি সবসময়ই বলেছি, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় কিছু নেই। এই দায়িত্ব যেমন গর্বের, তেমনি অনেক বড় দায়িত্বও।”
তিনি আরও বলেন, “ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি, নির্বাহী কমিটি এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। জাতীয় দলকে নিয়ে আমার বড় স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। দেশের জন্য সর্বোচ্চ সাফল্য এনে দেওয়াই আমার লক্ষ্য।”
জিদান জানান, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর বিভিন্ন ক্লাব ও জাতীয় দল থেকে কোচিংয়ের প্রস্তাব পেলেও তিনি সেগুলো গ্রহণ করেননি। শেষ পর্যন্ত নিজের দেশের জাতীয় দলের দায়িত্বই বেছে নিয়েছেন।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়েই ফ্রান্সের ডাগআউটে জিনেদিন জিদানের নতুন অধ্যায় শুরু হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম