প্রিন্টিং তারিখ: ২৯ জুলাই ২০২৬প্রকাশের তারিখ: ২৮ জুলাই ২০২৬
সাকিব আল হাসানকে ছাড়িয়ে নতুন রেকর্ড পরীমনির
ছবি - সংগৃহীত
বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর নতুন রেকর্ড গড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন শীর্ষস্থান ধরে রাখা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন তিনিই দেশের সর্বাধিক ফেসবুক অনুসারীর মালিক।
সর্বশেষ তথ্য অনুযায়ী, পরীমনির অফিসিয়াল ফেসবুক পেজ ও প্রোফাইল মিলিয়ে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের কিছু বেশি। ফলে প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে শীর্ষস্থান দখল করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
জানা গেছে, গত বছর পর্যন্ত দুজনের অনুসারীর সংখ্যা ছিল প্রায় সমান। একসময় সাকিব আবারও এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে পরীমনির জনপ্রিয়তা দ্রুত বাড়ায় অনুসারীর সংখ্যায় তিনি নতুন মাইলফলক স্পর্শ করেন।
সিনেমার কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, দুই সন্তানকে ঘিরে স্মরণীয় সময়, ভ্রমণ এবং বিভিন্ন সামাজিক বার্তা নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পরীমনি। তার পোস্ট, ছবি ও লাইভ ভিডিও নিয়মিতই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
ফেসবুকে এই নতুন অর্জনের মাধ্যমে বাংলাদেশের শোবিজ অঙ্গনের সবচেয়ে বেশি অনুসারীর তারকা হিসেবে নতুন রেকর্ড গড়লেন পরীমনি।