পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার সঠিক পরিচর্যার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, একটি গাছের চারাকে ঠিক মানবশিশুর মতোই যত্ন ও পরিচর্যা করতে হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত পরিচর্যা পেলে গাছও একসময় নিজের শক্তিতে ঝড়-ঝাপটা মোকাবিলা করে বেড়ে উঠতে পারে।
মঙ্গলবার (২৮ জুলাই) বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা’র উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে এবং শুধু গাছ লাগালেই হবে না, তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। জীবনের এই সময়ে তারা যে মূল্যবোধ ও দায়িত্ববোধ অর্জন করবে, সেটিই ভবিষ্যতে তাদের পথ দেখাবে। গাছের চারা বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় অঞ্চল বরিশালের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচির শুরুতে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম