বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, জাতীয় স্বার্থে ২০২৪ সালের জুলাই আন্দোলনে যেভাবে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছিল, দেশ গঠনের ক্ষেত্রেও সেই ঐক্য বজায় রাখতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে। জনগণের রায়ে সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়। নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে এবং জুলাই আন্দোলনে ছাত্র, কৃষক, শ্রমিক, রিকশাচালকসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল। ৫ আগস্টের মধ্য দিয়ে সেই আন্দোলনের সফল পরিণতি ঘটে।
তিনি বলেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না এবং গণতন্ত্র ধ্বংসের কোনো সুযোগ সৃষ্টি করা যাবে না। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদের ভেতর ও বাইরে ভিন্ন অবস্থান গ্রহণ, মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে।
মন্ত্রী ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র রক্ষা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই।
আলোচনা সভায় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ এহসানুল হুদা।