দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ৮৮ দিনে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় দেড় লাখ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। একই সময়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মাদকদ্রব্য।
মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযান এবং নিয়মিত পুলিশি কার্যক্রমে মোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৩৯ হাজার ২৬৭ জন এবং বিভিন্ন ফৌজদারি মামলায় ও নিয়মিত অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১ লাখ ২ হাজার ৭২২ জন।
পুলিশের তথ্য অনুযায়ী, এ সময় ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় ২ দশমিক ২৫ কেজি গানপাউডার, ১৭টি বোমা, ৬৩৮টি দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রাংশ এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, রিভলভার, রাইফেল, শটগান, এলজি গান, শুটার গান, পাইপগান, সাবমেশিনগান (এসএমজি), এয়ারগান ও একটি পেনগান।
এ ছাড়া অভিযানে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬টি ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল গাঁজাফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশীয় মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়াসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম