ঢাকার কেরানীগঞ্জে খালার বাসা থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হওয়া তানজিলা (১৭) নামে এক কিশোরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিখোঁজের একদিন পর মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কালিন্দী ইউনিয়নের গদারবাগ গ্রিন সিটি সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত তানজিলা কেরানীগঞ্জের বাঘৈর রাজেন্দ্রপুর এলাকার মৃত হাবিব মিয়ার মেয়ে।
পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, সোমবার সকালে তানজিলা খালা জরিনা বেগমের বাসায় বেড়াতে যান। সেখানে দুপুরের খাবার খেয়ে বিকেল ৩টার দিকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু এরপর আর তিনি বাড়ি ফেরেননি। সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা রাতভর আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরদিন সকালে স্থানীয়রা গদারবাগ গ্রিন সিটির পাশের বালুর মাঠে এক কিশোরীর গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায়। পরে নিহতের মা নাছিমা বেগম ঘটনাস্থলে এসে মরদেহটি তার মেয়ের বলে শনাক্ত করেন।
মেয়ের এমন নির্মম মৃত্যুতে শোকাহত মা নাছিমা বেগম হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং নিহতের চলাফেরা, মোবাইল ফোনের তথ্য ও সম্ভাব্য সাক্ষীদের বক্তব্য যাচাই করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম