পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন এবং তাদের অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা শুনেছেন।
বুধবার (২৯ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শতাধিক মানুষ তার বাসভবনে উপস্থিত হন। এ সময় কেউ ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা তুলে ধরেন, আবার কেউ শিক্ষা, চিকিৎসা, যোগাযোগব্যবস্থা, সামাজিক উন্নয়ন এবং এলাকার বিভিন্ন জনদুর্ভোগ নিয়ে আলোচনা করেন।
আগতদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর তিনি সমস্যাগুলোর গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর ও দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা এবং তাদের সমস্যার কথা শুনে কার্যকর উদ্যোগ গ্রহণকে তিনি জনপ্রতিনিধির দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করেন। এ কারণে প্রায় প্রতিদিনই নির্ধারিত সময়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের সুযোগ রাখেন। এতে কোনো ধরনের ভেদাভেদ ছাড়াই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের সমস্যা ও মতামত তুলে ধরতে পারেন। সাক্ষাৎ শেষে অনেকেই প্রয়োজনীয় পরামর্শ ও আশ্বাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ বিষয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে জনপ্রতিনিধি হিসেবে তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, মানুষের সমস্যা সমাধান এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম