সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন দুই মামলায় জামিন পেয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, খিলগাঁও থানা ও মুগদা থানায় দায়ের করা দুটি হত্যাচেষ্টা মামলায় রুল যথাযথ রেখে ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
তিনি আরও জানান, এর আগে আরও তিনটি মামলায় ব্যারিস্টার সুমন হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। তবে ওই জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করায় বিষয়টি বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া বিচারিক আদালতে তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানাসহ হবিগঞ্জে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম