মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে কিছুটা পতন দেখা গেছে। মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী ট্যাংকারের স্বাভাবিক চলাচল অব্যাহত থাকায় সরবরাহ নিয়ে আশঙ্কা কমে আসায় এই দরপতন হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বৃহস্পতিবার (২৯ জুলাই) জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় পাঁচ মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে মঙ্গলবার সাময়িক বিরতি আসার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়। তবে পরবর্তী কার্যদিবসে আবারও বড় ধরনের উল্লম্ফন দেখা যায়। সে সময় ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
টানা মূল্যবৃদ্ধির পর সর্বশেষ লেনদেনে আবারও কিছুটা স্বস্তি ফিরেছে বিশ্ব জ্বালানি তেলের বাজারে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ স্বাভাবিক থাকলে বাজারে দামের অস্থিরতা কিছুটা নিয়ন্ত্রণে থাকতে পারে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম