সব ধরনের প্রস্তুতি ও প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হওয়ার পরও আবারও স্থগিত করা হয়েছে কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকার কনসার্ট। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে বুধবার (২৯ জুলাই) এ সিদ্ধান্তের কথা জানায় আয়োজক প্রতিষ্ঠান।
আয়োজকদের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও শেষ মুহূর্তে মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ায় কনসার্টটি স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আকস্মিক এ সিদ্ধান্তে টিকিটধারী দর্শক, সংগীতপ্রেমী, শিল্পী, স্পন্সর ও সংশ্লিষ্ট সবার মধ্যে হতাশা তৈরি হয়েছে। তবে রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে সম্মান জানিয়ে আয়োজকরা কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
কনসার্ট বাতিল হওয়ায় আয়োজকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে জানানো হয়েছে, যেসব দর্শক টিকিট কিনেছেন, তাদের প্রত্যেককে অফিশিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৬ জুন কনসার্টটি আয়োজনের পরিকল্পনা থাকলেও সেবারও তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটি স্থগিত হওয়ায় অনুপম রায়ের ভক্তদের মধ্যে নতুন করে হতাশা নেমে এসেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম