মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন। সফরকালে তিনি বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পেশাজীবী এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরের সময় সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শনের কথা রয়েছে তার।
কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, এই সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা। সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
সূত্রগুলো আরও জানায়, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর জুন মাসে প্রধানমন্ত্রীর চীন সফর, একই সময়ে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে। এ প্রেক্ষাপটে ওয়াশিংটন বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক কূটনৈতিক অবস্থান সম্পর্কে আরও পরিষ্কার ধারণা নিতে চায়।
এছাড়া সার্জিও গোর ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করছেন। ফলে ঢাকা-দিল্লি সম্পর্ক, নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অগ্রগতি, চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ নিয়েও তার আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলোর ধারণা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম