নওগাঁ সদর উপজেলায় স্কুলে যাওয়ার পথে বাসচাপায় আ ত ম ইউসুফ (৪৫) নামে এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শহরের দয়ালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আ ত ম ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজিপাড়া এলাকার বাসিন্দা। তিনি জয়পুরহাট টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থলের উদ্দেশে রওনা হন ইউসুফ। শহরের দয়ালের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে পেছন থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় ওই শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম