নওগাঁর পোরশা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাতকইল গ্রামের একটি বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাতকইল (বিলপাড়া) গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন এবং একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে বিলের পানি সেচে মাছ ধরেন তারা। মাছ সংগ্রহ করে বাড়িতে নেওয়ার পর দুপুর ১টার দিকে আবারও মাছ ধরতে বিলে যান। এ সময় আগে চালু করে রাখা বৈদ্যুতিক মোটরের তারে লিকেজ হয়ে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।
পানিতে নামার পর প্রথমে মাহাবুর হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে আব্দুল আজিজও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম